২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবারণার ফানুস উড়ল বন্দর নগরীতে

বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের ঘোষণার পরও চট্টগ্রামে প্রবারণার সন্ধ্যায় উড়েছে ফানুস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 11:36 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

পুরনো খবর:

রোহিঙ্গা সঙ্কট: প্রবারণায় এবার ফানুস ওড়াবে না বৌদ্ধরা

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণের বিপরীতে ডিসি হিল নগর উদ্যানের ফটক থেকে ফানুস ওড়ানো হয়।

তবে বাংলাদেশ বৌদ্ধ সমিতি চট্টগ্রামের নেতারা সম্মিলিত বৌদ্ধ সমাজের ঘোষণা অনুসারে রোহিঙ্গাদের প্রতি সমবেদনা থেকে ফানুস না ওড়ানোর পক্ষে ছিলেন।

অন্যান্য বছরের মতো শনিবার সন্ধ্যায় নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার ও সামনের প্রাঙ্গণে সমবেত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী যুবক বৌদ্ধ বিহারের সামনের সড়কে প্রতি বছরের মতো ফানুস উড়ানোর প্রস্তুতি শুরু করে।

এসময় বৌদ্ধ সমিতির কয়েকজন নেতা এবং নগরীর কোতোয়ালি থানার পুলিশ তাদের জানায়, এ বছর ফানুস না ওড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এরপর ওই যুবকরা বৌদ্ধ বিহারের সামনের সড়ক থেকে অদূরে ডিসি হিলের ফটকের দিকে এবং ডিসিহিল সংলগ্ন মোমিন রোডের দিকে সরে যায়।

পরে সেখান থেকে শুরু হয় ফানুস ওড়ানো।

বৌদ্ধ সমিতি চট্টগ্রামের সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবারণার সব আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

“ফানুস না উড়ানোর ঘোষণা দেওয়া হলেও তরুণরা কেউ কেউ সেটা মানতে চায়নি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় আমরাও না উড়াতে বলেছিলাম। তবে কেউ কেউ উড়িয়েছে।”

ফানুস উড়লেও এবার তা অন্যবারের চেয়ে সংখ্যায় কম ছিল বলে দাবি অজিত রঞ্জন বড়ুয়ার।

প্রবারণা উদযাপন পরিষদের সদস্য দীপক কান্তি বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সিংহভাগই চট্টগ্রামে বাস করেন।

“যুব সমাজ ফানুস ওড়ানোর পক্ষে। এটা ধর্মীয় রীতির অংশ। অন্যবারের চেয়েও এবার ফানুস বেশি উড়েছে। কেউ বাধা দেয়নি। খুব সুন্দরভাবেই ফানুস উড়ানো হয়েছে।”

নন্দনকানন বৌদ্ধ বিহারে স্বপরিবারে আসা তরুণ সুকীর্তি বড়ুয়া বলেন, “ফানুস উড়ানো ধর্মীয় রীতি। সব মানুষের প্রতি আমাদের সহমর্মিতা আছে।”

কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সেখানে ছিলাম। না উড়ানোর সিদ্ধান্ত তাদের ছিল। কোনো সরকারি বিধি-নিষেধ তো নেই। কেউ কেউ ফানুস উড়িয়েছে।”

১৮ সেপ্টেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারা মিয়ানমারে রাখাইন মুসলিমদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে প্রবারণায় ফানুস উৎসব না করার ঘোষণা দেন।