‘রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে’
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মাম্নান।
মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বিষয়ক এই কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও কাউন্সিলররা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে কিছু ইতিমধ্যে চট্টগ্রামের নয়টি উপজেলায় ঢুকে পড়েছে।
“তারা জন্ম ও নাগরিকত্ব সনদ জাল করে এবং ভুয়া মা-বাবা দেখিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবতা ও মহানুভবতা দেখালেও তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন।”
বিভাগীয় কমিশনার বলেন, রোহিঙ্গারা ভোটার হওয়ার সুযোগ পেলে যে কোনো দেশবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়বে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
“তাই রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখতে হবে।”
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা মুস্তফার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী।
