রোহিঙ্গা নিধন বন্ধের দাবি উদীচীর
মিয়ানমারে রোহিঙ্গা নিধন বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ।
‘রোহিঙ্গা নিধন রুখে দাঁড়াও বিশ্ব’ শ্লোগান নিয়ে মঙ্গলবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. চন্দন দাশ বলেন, “রোহিঙ্গা ইস্যু একটি জটিল সমস্যা। ১৯৭৮ সালেও রোহিঙ্গারা এসেছিল। এরপরও বিভিন্ন সময় বাংলাদেশে এসেছে। এই সমস্যার কার্যকর কোনো সমাধান আজও হয়নি।
“মিয়ানমারে নারী ও শিশুদের ওপর নির্যাতন করা হচ্ছে। জাতিগত নিধন চলছে। যদিও জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে এ নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে তবুও সহিংসতা থামেনি। অবিলম্বে এ নির্যাতন বন্ধ করতে হবে।”
তিনি বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যে অত্যন্ত মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানবতা যখন বিপন্ন তখন আমাদের দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।
“রোহিঙ্গাদের নিয়ে নানা ষড়যন্ত্র আছে। এর আন্তর্জাতিক পক্ষ বিপক্ষ আছে। রোহিঙ্গাদের মধ্যে অপরাধী আছে বলেও অভিযোগ আছে। বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় এসেছে। সেসব রাজনৈতিক ও কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। মানবিক বিবেচনায় আমরা দুর্গত মানুষের পাশে থাকতে চাই।”
উদীচী চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি সুনীল ধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, সাংবাদিক বালাগাত উল্লাহ, কামরুল হাসান বাদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা অমৃত বড়ুয়া, মহিলা পরিষদের পক্ষে সিতারা শামীম, যুবনেতা হাবিবুল হক বিপ্লব এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর কমিটির সভাপতি আল কাদেরী জয়।
