২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিকের ছিনতাই মামলা পুনঃতদন্তের নির্দেশ

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের এক সাংবাদিকের করা ছিনতাই মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 08:20 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

বাদীর আবেদনের শুনানি করে চট্টগ্রামের মহানগর হাকিম মেহনাজ রায়হান মঙ্গলবার এ আদেশ দেন।

মামলার বাদী দৈনিক পূর্বকোণের আদালত প্রতিবেদক মোস্তফা ইমরান সোহেল বলছেন, গত বছরের ১ সেপ্টেম্বর গভীর রাতে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে রিকশায় মুরাদপুরের বাসায় ফেরার সময় গণি বেকারির মোড়ে তিনি ছিনতাইয়ের শিকার হন।

ছিনতাইকারীরা ছুরি ও অস্ত্র ঠেকিয়ে রিকশার গতিরোধ করে একটি আইফোন ও ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে তার ভাষ্য।

ওই সময় বাধা দিতে গেলে সোহেলের ডান হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে তিনি নগরীর চকবাজার থানায় এই ছিনতাইয়ের মামলা করেন।

কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গত ৭ জুন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানান, অভিযোগের কোনো প্রমাণ পাননি তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এ কারণে পুনঃতদন্ত চেয়ে আদালতে আবেদন করেছিলেন জানিয়ে সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনানি শেষে আদালত মামলাটি নগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনারকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই ইয়াসিন আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলাটি করেছিলেন। তাদের কাউকে পুলিশ ধরতে পারেনি। 

“মূলত বাদীর আইফোনের সূত্র ধরে আমরা আসামিদের শনাক্ত করার চেষ্টা করেছিলাম। কিন্তু ফোনটি ঘটনার পর থেকেই ব্যবহার করা হচ্ছে না। তাই কোনো আসামিকেও শনাক্ত করা সম্ভব হয়নি।”

‘দীর্ঘ তদন্তের পর’ এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে মন্তব্য করে এসআই ইয়াসিন বলেন, আইফোনটির সন্ধান পাওয়া গেলে এ মামলার তদন্ত এগোনো সম্ভব হতে পারে।

পুরনো খবর:

ছিনতাইকারীর ছুরিতে আহত পূর্বকোণের সাংবাদিক