ছিনতাইকারীর ছুরিতে আহত পূর্বকোণের সাংবাদিক
চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের আদালত প্রতিবেদক মোস্তফা ইমরান সোহেলকে ছুরি মেরে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে মুরাদপুরের বাসায় ফেরার পথে হামগণিবেকারি মোড়ে কিউসি পেট্রোল পম্পের সামনে ছিনতাইয়ের শিকার হন মোস্তফা।
চট্টগ্রাম বারের আইনজীবী মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচজন ছিনতাইকারী ছুরি ও অস্ত্র ঠেকিয়ে তার রিকশার গতিরোধ করে একটি আইফোন এবং ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
“বাধা দিতে গেলে ছিনতাইকারীরা আমার ডান হাতে ছুরি মারে।”
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন বলে জানান মোস্তফা।
এই ঘটনায় তিনি চকবাজার থানায় একটি মামলা করেছেন।
