২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গার্মেন্ট ও ব্যাংকে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে একটি পোশাক কারখানা ও ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 01:48 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

সোমবার ভোরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) নয় নম্বর সেক্টরের সি টেক্সটাইল লিমিটেড এবং নগরীর মুরাদপুরে ডাচ বাংলা ব্যাংকের শাখায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সুইং মেশিনের বৈদ্যুতিক সংযোগ থেকে ইপিজেড ৯ নম্বর সেক্টরের সি টেক্সটাইল লিমিটেডে আগুনের সূত্রপাত হয়।

ইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।

এদিকে ভোর ৪টার দিকে মুরাদপুর এলাকায় ডাচ বাংলা ব্যাংকের শাখায় আগুন লাগার পর বায়েজিদ বোস্তামী ও চন্দনপুরা ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

জসীম উদ্দিন জানান, ব্যাংকের সার্ভার রুমের ইউপিএস থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ব্যাংকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।