২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দন কাননে গুলিতে দুজন আহত

খুনের মামলায় অমিত মুহুরী গ্রেপ্তারের পর চট্টগ্রামের নন্দন কানন এলাকার আধিপত্য নিতে সংঘাতে গুলিবিদ্ধ হয়েছেন এক নারী ও এক তরুণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 02:13 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

দুর্গা পূজার মধ্যে শুক্রবার গভীর রাতে নন্দন কাননের ১ নম্বর গলিতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন কৃষ্ণা দাশ (৪০) ও শাওন (২০)। কৃষ্ণার বাঁ পায়ে এবং শাওনের ডান পায়ে গুলি লাগে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরেছেন।

কৃষ্ণা ১ নম্বর গলির লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা অনুপ দাশের স্ত্রী। শাওন নগরীর ঝাউতলা এলাকার টাইটানিক বিল্ডিং এর বাসিন্দা খোকনের সন্তান।

শাওনের বাবা খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে পূজা দেখতে গিয়েছিল শাওন। এসময় তার ডান পায়ে গুলি লাগে। কীভাবে কী হয়েছে, তা আমি জানি না।”

শাওনের পা থেকে গুলি বের করা হয়েছে বলে জানান তার বাবা।

স্থানীয়রা জানায়, যুবলীগের অমিত মুহুরী গ্রেপ্তার হওয়ার পর ওই এলাকার দখল নিতে চাচ্ছে ছাত্রলীগের শাহরিয়ার নিলয় ও শশী। অমিতের অনুসারীরা তা ঠেকাতে চাইছে। ওই কোন্দল থেকে এক পক্ষ রাতে গুলিবর্ষণ করেছিল।

কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিনও বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে এলাকায় নিলয়ের নামে পোস্টার লাগায় তার অনুসারীরা। সে পোস্টার অমিতের অনুসারীরা ছিঁড়ে ফেলার পর গত পরশু এলাকায় ঝামেলা হয়েছিল।”

ঘটনাস্থল নন্দনকানন ১ নম্বর গলির বিপরীতেই নগর উদ্যান ডিসি হিল।

ওসি বলেন, পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে গতরাত (শুক্রবার) ১টার পর ডিসি হিলের সামনে আবার সমস্যা হয়।

“হই চই শুনে লোকনাথ মন্দির থেকে কৃষ্ণা দাশ বেরিয়ে আসেন। তখন এলজি থেকে ছোড়া ছররা ‍গুলি তার পায়ে লাগে। শাওন পূজা দেখতে এসেছিল। তার পায়েও গুলি লাগে।”