২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

বিদেশ ফেরত ছেলেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 12:36 PM

Updated : 12 Apr 2022, 12:21 AM

রোববার সকালে পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নিহত নুরুল ইসলাম কালুর (৬০) বাড়ি রাউজান উপজেলার উত্তর সরতা গ্রামে। 

তার দুবাইপ্রবাসী ছেলে মো. ওসমান সাত বছর পর রোববার সকালে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে তাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন নুরুল ইসলাম। 

তার ভাতিজা দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানবন্দর থেকে একটি অটোরিকশায় করে রওনা হয়েছিলেন নুরুল ও ওসমান। পথে কয়লার ডিপো পুলিশ ফাঁড়ি এলাকায় তাদের অটোরিকশার সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এএসআই আলাউদ্দিন জানান।