মিয়ানমারের বিরুদ্ধে ‘জিহাদ’ চান বাবুনগরী
কূটনৈতিক চাপের মুখে রাখাইনে রোহিঙ্গা ‘গণহত্যা’ বন্ধ না হলে মিয়ানমারের বিরুদ্ধে ‘জিহাদের’ ডাক দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী।
দেশটির নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়েরের জন্যও জাতিসংঘ ও ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির এই নেতা।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদে সমাবেশ হয়।
বক্তব্যে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে বাবুনগরী বলেন, “এরপরও যদি তারা রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ না করে তাহলে তাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করুন। অন্যথায় জিহাদের ডাক দিন। দেশের কোটি কোটি মানুষ সরকারের সাথে থাকবে।”
সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত তিন সপ্তাহে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গাদের ওপর এই অভিযানকে জাতিগতভাবে নির্মূলের চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো।
“মুসলমানরা যদি নাগরিক না হয়ে থাকে, তাহলে তারা নির্বাচন করে মন্ত্রী-এমপি হয়েছিলেন কীভাবে?”
মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
আগামী ১৯ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ ও ওআইসি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজের মহাসচিব। সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রূহী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে একটি মিছিল আন্দরকিল্লা থেকে লালদিঘীর মাঠে গিয়ে শেষ হয়।
