খুলে দেওয়া হয়েছে মেরিনার্স সড়কের সম্প্রসারিত অংশ
নগরীর মেরিনার্স সড়কের ব্রিজঘাট থেকে চাক্তাই খাল পর্যন্ত সম্প্রসারিত চার লেইন অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এর উদ্বোধন করেন।
নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে শাহ আমানত সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বর পর্যন্ত মেরিনার্স সড়কের মোট দৈর্ঘ্য এক দশমিক ২৫ কিলোমিটার। চার লেইনের আরসিসি ঢালাইয়ের সড়কটির প্রস্থ ৬০ ফুট। এই সড়কে চারটি সেতু নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে একটি সেতুর নির্মাণকাজ বাকি আছে।
জাইকার অর্থায়নে ১৭ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সোয়া এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জানুয়ারিতে। গত বছরের ২৫ সেপ্টেম্বর সড়কটির দুই লেইন খুলে দেওয়া হয়।
একটি সেতু ও সড়কের অল্প কিছু অংশের কাজ বাকি থাকলেও ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার সড়কটি খুলে দেওয়া হলো।
বৃহস্পতিবারের অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, মেরিনার্স সড়ক সম্প্রসারিত করে ব্রিজঘাট থেকে সদরঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। এজন্য চট্টগ্রাম বন্দরের সাথে আলোচনা চলছে।
“এই সড়ক সম্প্রসারণের ফলে নগরের যানজট অনেকাংশে কমবে। যাতায়াতও সহজ হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ, নুরুল হক, শৈবাল দাশ সুমন ও লুৎফুন্নেছা দোভাষ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন ও নির্বাহী প্রকৌশলী ফরহাদুল ইসলাম।
