ছিনতাইকারীদের হামলায় আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ছিনতাইকারীদের হাতে আহত হওয়ার পর এক যুবকের মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সবাই ‘কিশোর অপরাধী’ বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার পাহাড়তলী রেল লাইন এলাকায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডবলমুরিং ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।
গ্রেপ্তাররা হলেন- টিপু সুলতান (১৬), বাদশা মিয়া (১৫) ও মো. পিয়াস (১২)।
গত ২৭ অগাস্ট রেল লাইন ধরে পায়ে হেঁটে যাওয়ার সময় আরিফ নামে এক যুবককে ছূরিকাঘাত করে পকেটে থাকা ৬০০ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
তিনদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যুবকটি মারা যায়। ছিনতাইয়ের ঘটনায় প্রথমে পুলিশ অবগত না থাকলেও এ ঘটনায় বুধবার বিকালে রেলওয়ে থানায় একটি মামলা করে নিহতের পরিবার।
ডবলমুরিংয়ের ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় জড়িতরা সবাই কিশোর অপরাধী। রেল লাইনের পাশে গড়ে উঠা বিভিন্ন বস্তিতে তারা বাস করে।
“ঘটনার পর বুধবার সন্ধ্যা থেকে পাহাড়তলী রেল লাইন এলাকায় ব্লক রেইড করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাদের সাথে রেলওয়ে পুলিশও যোগ দেয়। ব্লক রেইডে ওই এলাকা থেকে প্রায় ৩২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।”
তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নাম পাওয়া যায়। রাত থেকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এই ঘটনার সাথে তারা মোট চারজন জড়িত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তাররা। অপরজনকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
গ্রেপ্তারদের রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মহিউদ্দিন সেলিম।
