ছিনতাইকারীর ছুরিতে আহত যুবকের মৃত্যু
তিন দিন আগে ছিনতাইকারীর ছুরিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহত আরিফ হোসেন (২২) কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা।
পেশায় রাজমিস্ত্রী আরিফ থাকতেন আকবর শাহ এলাকায়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার নগরীর চকবাজার এলাকায় কাজ শেষে রেল লাইন ধরে হেঁটে বাসায় ফিরছিলেন আরিফ।
“সেসময় দুই ছিনতাইকারী তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে ৬০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।”
ওসি বলেন, “ছিনতাইয়ের ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ ছিল না। আহতাবস্থায় যুবকটি হাসপতালে ভর্তি হওয়ার পর ভোরে মারা যায়।”
