২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি সিপিবির

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 09:32 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

বুধবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

‘রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন বন্ধের’ দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোনো কোনো দেশবিরোধী, সাম্প্রদায়িক-মৌলবাদী, সামাজ্যবাদী শক্তি নিজেদের ফায়দা হাসিলের জন্য নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে।

“রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা বন্ধ করে তাদের বাসভূমিতে বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে অবিলম্বে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।”

অশোক সাহা বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে অপশক্তি বাংলাদেশেরও ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত। এই অপশক্তি পরিকল্পিতভাবে রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সংকট তীব্র করছে।

সিপিবি জেলা কমিটির সদস্য রাহাত উল্লাহ জাহিদ বলেন, রোহিঙ্গারা একটি পৃথক জাতিসত্তা। মিয়ানমার তাদের মাতৃভূমি। রাষ্ট্রশক্তির কোনো অধিকার নেই গায়ের জোরে একটি জাতিসত্তাকে নিষ্পেষিত ও বিলুপ্ত করার।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কানাই দাশ ও ফরিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য শিহাব উদ্দিন সাইকু, অনুপম বড়ুয়া পারু, অমিতাভ সেন, নাহিদ আল মোস্তফা প্রমুখ।