২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩টি সোনার বারসহ গ্রেপ্তারের পর ৬ বছর সাজা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩টি সোনার বারসহ গ্রেপ্তার একজনকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 06:32 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন।

দণ্ডিত আনিছ চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ার বগাছড়া গ্রামের মৃত সাইদুল হকের ছেলে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোনা চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।”

পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আনিছকে। ওই টাকা দিতে ব্যর্থ হলে আরও দুই মাস কারাভোগ করতে হবে তাকে।

দুবাই প্রবাসী আনিছকে ২০১৪ সালের ৭ এপ্রিল শাহ আমানত বিমানবন্দরে ৫৩টি সোনার বারসহ গ্রেপ্তার করেন কাস্টমস কর্মকর্তারা।

এ ঘটনায় হওয়া মামলায় পুলিশ অভিযোগপত্র দেয় ২০১৪ সালের ২২ নভেম্বর। এ মামলায় গত বছরের ৪ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।

রায় ঘোষণার পর আসামি আনিছকে কারাগারে পাঠানো হয়েছে।