২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে শ্বাসরোধে হত্যা, গৃহবধূ গ্রেপ্তার

চট্টগ্রামে গলাটিপে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

গ্রেপ্তারের শিরীন বেগম (৩০) নামের ওই নারী হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশের ভাষ্য।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিরীন স্বামীকে হত্যার কথা স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

তিনি বলেন, “গত মঙ্গলবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী আবু বক্কর সিদ্দীকের গলা চেপে ধরে শিরীন। বক্কর অজ্ঞান হয়ে গেলে তার ‘হার্ট অ্যাটাক’ হয়েছে বলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার বায়েজিদ থানার বাংলাবাজার ঢেবার পাড় সোনালী আবাসিক এলাকার বাসা থেকে শিরীনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মঈন বলেন, “জবানবন্দিতে শিরীন জানিয়েছেন বক্কর তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর ঘরে তার পাঁচ ও সাত বছর বয়সী দুইটি সন্তান রয়েছে। প্রথম স্বামী মারা যাওয়ায় দেড় বছর আগে বক্করকে বিয়ে করে সে।

“বক্কর তার মা-বাবার কাছে টাকা পাঠানো নিয়ে তাদের মধ্যে কলহ হতো। মঙ্গলবার রাতে এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হলে বক্কর শিরীনকে মারধর করেন। এসময় শিরীন বক্করের গলা টিপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মঈন বলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরের বাসিন্দা বক্কর কাঠমিস্ত্রি ছিলেন। আর বরগুনা জেলার তালতলীর বাসিন্দা শিরীন বায়েজিদ এলাকায় একটি পোশাক করাখানায় চাকরি করেন।