রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়েছে কারিতাস
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এক হাজার ৭০০ পরিবারকে ত্রাণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস।
রাঙামাটি জেলার কাউখালি ও কাপ্তাই উপজেলার ক্ষতিগ্রস্ত পাঁচটি ইউনিয়নে তিন ধাপে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হয়।
বৃহস্পতিবার কাপ্তাই উপজেলায় ১০০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে ত্রাণ বিতরণের সমাপ্তি ঘটে।
ত্রাণ সহায়তার অংশ হিসেবে এক হাজার ৭০০ পরিবারকে শাড়ি, থামি, লুঙ্গি, গামছা, স্যান্ডেল, হাড়ি-পাতিল ও থালা-বাসন এবং টয়লেট উপকরণসহ মোট ২২ ধরনের নিত্যব্যবহার্য উপকরণ দেওয়া হয়।
গত ১২ জুন ভারি বর্ষনে সৃষ্ট পাহাড় ধসে রাঙামাটি জেলায় ১২০ জন ও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় নিহত হয় ২৭ জন। ভয়াবহ এ পাহাড় ধসে সরকারি ত্রাণ তৎপরতার পাশাপাশি এগিয়ে আসে নানা সামাজিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা।
পাহাড় ধসে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে কারিতাসের নিজস্ব টিম তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে সমন্বয়ের মধ্য দিয়ে তিন ধাপে এ ত্রাণ কার্যক্রমের সমাপ্তি টানে কারিতাস।
এ কার্যক্রমে আর্থিক সহায়তা দেয় কারিতাস সুইজারল্যান্ড ও ক্যাথলিক রিলিফ সার্ভিস।
