শিশুকে ‘যৌন নিপীড়ন’, বাড়ির তত্ত্বাবধায়ক গ্রেপ্তার
চট্টগ্রামে চার বছরের শিশুকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের ওই ব্যক্তিকে নগরীর ডবলমুরিং থানার মগপুকুর পাড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আবু বক্কর ওই এলাকার রহিম সওদাগরের বাড়ির তত্ত্বাবধায়ক।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ির নিচতলার এক বাসিন্দার চার বছরের মেয়েকে সিদ্দিক তার ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালান বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।”
এ ঘটনায় শিশুটির বাবা সিদ্দিককে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান ওসি।
ঘটনার পর বাড়ির মালিককে বিষয়টি জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি অভিযোগ করে শিশুটির বাবা বলেন, “পরে ডবলমুরিং থানায় জানানো হলে সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ।”
