দিয়াজ হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে চবিতে মানববন্ধন
ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশ।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে ‘জাগরণে অস্তিত্বে ৭১’ নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়।
আট মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে আত্মহত্যার কথা বলা হয়েছিল।
দিয়াজের পরিবারের আপত্তিতে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত হয় তার। রোববার দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসকের বরাত দিয়ে মামলার তদন্ত সংস্থা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের এএসপি হুমায়ুন কবির জানান, দিয়াজের মৃত্যু শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড।
মানববন্ধনে চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, “প্রথম থেকেই আমরা বলে আসছি দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তে তা প্রকাশ পেয়েছে।
“তাহলে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন কাদের ইন্ধনে পরিবর্তন করা হয়েছে ছাত্রসমাজ তা জানতে চায়।”
ছাত্রলীগের নেতাকর্মীদের ‘গ্রুপ-উপগ্রুপ’ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে দিয়াজ হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাকিব হোসাইন বলেন, কিছু স্বার্থান্বেষী মহল এ মামলার বিচারকে বানচাল করতে উঠে পড়ে লেগেছে।
“হত্যাকাণ্ডে জড়িতরা দিয়াজের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। দিয়াজ হত্যার বিচার না হলে সামনে আরও অনেক দিয়াজ হত্যা হবে। অকালে আরও মায়ের বুক খালি হবে।”
চবি শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক সৈয়দ ফরহাদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বায়েজিদ সজল, জাহাঙ্গীর জীবন, হাসান।
উপস্থিত ছিলেন মো. ইলিয়াস, জাহেদুল আউয়াল, নজরুল ইসলাম ও মাসুদ ফয়সাল।
