২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে শ্রমিক উদ্ধার

চট্টগ্রাম বন্দরে বিদেশমুখী একটি কন্টেইনারের ভেতর থেকে এক শ্রমিককে উদ্ধার করেছে নিরাপত্তাকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 12:53 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

উদ্ধার বাবুল ত্রিপুরাকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে বন্দরের ৪ নম্বর গেইটে বেসরকারি কন্টেইনার ডিপো কেডিএস থেকে আসা একটি কন্টেইনার থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম।

বন্দর থানার ওসি ময়নুল ইসলাম জানান, বাবুল রোববার রাতে কাজ করতে গিয়ে কেডিএস লজিস্টিকস এ থাকা ওই কন্টেইনারে ঘুমিয়ে পড়েন। সেই কন্টেইনারটি বন্দরে নিয়ে আসা হয়।

কন্টেইনারটি বন্দরের ৪ নম্বর গেইট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা ভেতর থেকে আওয়াজ শুনতে পেয়ে দরজা ভেঙে বাবুলকে উদ্ধার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বন্দর সদস্য জাফর আলম।

৪০ ফুট দৈর্ঘ্যের রপ্তানিমুখী কন্টেইনারটি সিঙ্গাপুরগামী একটি জাহাজে তোলার কথা ছিল বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।