অর্থ আত্মসাৎ: ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ব্যাংকের ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এক ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়েল সহকারী পরিচালক সিরাজুল হক।
অভিযুক্তরা হলেন- ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরী এবং যমুনা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার সাবেক প্রধান মনজুরুল আহসান চৌধুরী।
কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঋণপত্রের বিপরীতে ৭১ কোটি ৯২ লাখ তিন হাজার ১১৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে।
মামলায় বলা হয়, ২০১১ সালের ১০ অক্টোবর থেকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে সুদসহ মোট ৭১ কোটি ৯২ লাখ তিন হাজার ১১৬ টাকা আত্মসাৎ করে ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরী।
আর তাকে সহায়তা করেছেন ব্যাংক কর্মকর্তা মনজুরুল আহসান।
