পাবনায় স্ত্রী হত্যার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
স্ত্রীকে হত্যার অভিযোগে পাবনা থেকে পালিয়ে চট্টগ্রামে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রেজাউল করিম ওরফে জুয়েল (৩৪) পাবনার সাঁথিয়ার বাসিন্দা হলেও ঢাকার দক্ষিণ খানে থাকতেন।
বৃহস্পতিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা নগরীর খুলশীর আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করলেও রোববার বিষয়টি জানানো হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল তার স্ত্রীকে খুন করে চট্টগ্রামে এসে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। গ্রেপ্তারের পর তাকে পাবনা জেলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৬ জুলাই পাবনার আতাইকুলা চুলকাঠি বিটের চর এলাকায় পাট ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা সন্তোষ জানান, থানা পুলিশের কাছ থেকে পাবনা জেলা পিবিআই মামলাটির তদন্তভার নিয়ে মহিলার পরিচয় বের করে।
লাশটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জমির উদ্দিনের মেয়ে সুখী বেগমের (৩৩) বলে শনাক্ত হয়।
সন্তোষ বলেন, “আগে এক ব্যক্তির সাথে বিয়ের পর সুখীর ছাড়াছাড়ি হয়ে গেলে ঢাকায় জুয়েলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর জুয়েল সুখীকে পাবনা নিয়ে গিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।”
