চোরাই মোটর সাইকেল বেচতে ‘অনলাইনে বিজ্ঞাপন’
চোরাই মোটর সাইকেল কম দামে কিনে ফেইসবুকে বেচার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত তারা; ক্রেতার সঙ্গে দরদাম শেষে টাকা পেলে বুঝিয়ে দেওয়া হত মোটর সাইকেল।
এভাবেই চোরাই ও টানা মোটর সাইকেল বিক্রির ব্যবসা করত চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার হওয়া মোটর সাইকেল চোরচক্রের সদস্যরা।
এ চক্রের পাঁচজনকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এমনই তথ্য জানিয়েছেন।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে সক্রিয়। তারা চোরাই মোটর সাইকেল চুরি ও সংগ্রহ করে সেটি সম্পূর্ণ অবস্থায় এবং যন্ত্রাংশ বিক্রি করেন।
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- মো. ইউসুফ (৩৪), মো. আরিফ ওরফে গিরাবাজ আরিফ (২৬), মো. শাহেদ (২৩), মো. ইসমাইল (২৮), আমানত উল্লাহ রাব্বী (২২)।
পুলিশ কর্মকর্তা হুমায়ন বলেন, নগর গোয়েন্দা পুলিশের একটি দল চক্রটির সন্ধানে কাজ করে আসছে। টানা অভিযানে গত মঙ্গলবার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে দুইটি মোটর সাইকেলসহ ইউসুফকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার এবং আরও ছয়টি মোটর সাইকেল ও একটি চেসিস উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সকালে নগর পুলিশ সদর দপ্তরে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মারুফ হোসেন জানান, আসামিদের কাছ থেকে একটি লাল, একটি সাদা রংয়ের ইয়ামাহা ফেজার, একটি নীল-সাদা মডেলের ইয়ামাহা আর-১৫, একটি এফজেড, একটি লাল কালো রংয়ের পালসার, একটি লাল সুজুকি গিজার, একটি ওয়ালটন ও একটি বাজাজ প্লাটিনা মডেলের মোটর সাইকেল ও একটি ইয়ামাহা এফ জেড মোটর সাইকেলের চেসিস উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তাররা চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে ফেইসবুকে বিজ্ঞাপন দিতেন এবং নগরীসহ বিভিন্ন উপজেলা ও কক্সবাজারে বিক্রি করতেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে বলে জানান মারুফ।
অভিযানে থাকা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা মূলত ‘টানা’ (সীমান্ত দিয়ে অবৈধভাবে ভাবে নিয়ে আসা মোটর সাইকেল) ও ‘চোরাই’ মোটর সাইকেল সংগ্রহ করে তা বিক্রি করেন।
তিনি জানান, চট্টগ্রামের তালিকাভুক্ত মোটর সাইকেল ‘চোর’ নাসির ও তার সহযোগীদের কাছ থেকে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করার পাশাপাশি সীমান্তপথে অবৈধভাবে মোটর সাইকেল নিয়ে আসা চক্রটির সঙ্গেও গ্রেপ্তারদের সম্পর্ক আছে।
কুমিল্লা, ফেনীসহ সীমান্তবর্তী এলাকা থেকে করা ‘টানা’ ও চোরাই মোটর সাইকেলগুলো সংগ্রহ করে বিক্রি করে এবং সেখান থেকে পাওয়া বাড়তি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করেন বলেও জানান পুলিশ কর্মকর্তারা।
কামরুজ্জামান বলেন, মূলত ইউসুফ, আরিফ, সাহেদ চোরাই ও টানা মোটর সাইকেল সংগ্রহ করেন। আর রাব্বী তার ফেইসবুক ওয়ালে ও ‘সিটিজি সেল বাজারে’ বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে।
ক্রেতার সঙ্গে যোগাযোগ ম্যাসেঞ্জারে
পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তার চক্রটির সদস্যরা বিভিন্ন ভালো মডেলের মোটর সাইকেলগুলো সংগ্রহ করে বিক্রির জন্য স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের সঙ্গে বেশি যোগাযোগ করে থাকে।
কামরুজ্জামান বলেন, সংগ্রহ করা মোটর সাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে যারা যোগাযোগ করেন, তাদেরকে ম্যাসেঞ্জারে ছবি পাঠাত গ্রেপ্তাররা। পরে পছন্দ হলে দরদাম নির্ধারণ করে থাকে।
দরদাম নির্ধারণের ক্ষেত্রেও তারা ফোন ব্যবহার না করে ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে থাকে।
পরে দরদামে ঠিক হওয়া মোটর সাইকেলগুলো বিকাশে বা সরাসরি টাকা গ্রহণের পর ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয় বলে জানান কামরুজ্জামান।
