মাদক মামলায় চট্টগ্রামে দুই আসামির কারাদণ্ড
ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় চট্টগ্রামে এক নারীসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর মঙ্গলবার এ আদেশ দেন।
দণ্ডিত দুই আসামি সামসুল আলম ও মোছাম্মৎ নুরু ছফা কক্সবাজার জেলার টেকনাফ থানার কাজির পাড়া এলাকার বাসিন্দা। হাই কোর্ট থেকে জামিন নিয়ে তারা দুজনেই পলাতক।
এদের মধ্যে সামসুল আলমকে ছয় বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।
আর নুরু ছফাকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের সাজা দিয়েছে।”
আদালতের নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৯ মে নগরীর শাহ আমানত সংযোগ সেতু এলাকায় ৮০০ ইয়াবাসহ সামসুল আলম ও ৬০০ ইয়াবাসহ নুরু ছফাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ওই ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হক বাদী হয়ে একটি মামলা করেন।
তদন্ত শেষে গত বছরের ২০ জুন আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠনের মধ্যে দিয়ে গত বছরের ২১ নভেম্বর শুরু হয় বিচার।
এর মধ্যে দুই আসামি হাই কোর্ট থেকে জামিন পান এবং এক পর্যায়ে পালিয়ে যান।
ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ মামলার রায় দেয় বলে ফখরুদ্দিন চৌধুরী জানান।
