সাঙ্গুতে ভেসে গিয়ে নারী নিখোঁজ
চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদী থেকে গাছ তুলতে গিয়ে পানিতে ভেসে গেছে এক নারী।
মঙ্গলবার সকালে উপজেলার ধোপাছড়ি ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আলমাস খাতুন (৩৬) ধোপাছড়ি টেম্পু পাড়ার বাসিন্দা ফজলুল হক ওরফে কুতুবের স্ত্রী।
ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মোরেশদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীতে স্রোত ও পাহাড়ি ঢলে গাছ ও বাঁশ ভেসে যাচ্ছিল। সকালে আলমাস সেগুলো নিতে যায়।
“এসময় পানিতে পড়ে গেলে স্রোতে ভেসে যায় আলমাস।”
আলমাসকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান মোর্শেদ।
ফায়ার সার্ভিস সাতকানিয়া স্টেশনের লিডার মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে যেদিকে পড়েছে তার আশেপাশে খোঁজ করে ওই মাহিলাকে পাওয়া যায়নি। এখন দোহাজারি অংশের দিকে খোঁজ করা হচ্ছে।
