মেয়র নাছিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকের সাক্ষাৎ
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।
রোববার দুপুরে নগর ভবনে এই বৈঠক হয় বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আলোচনায় তার (সোমনাথ) দায়িত্বকালে ‘আন্তরিক সহযোগিতার’ জন্য সিটি মেয়রকে ধন্যবাদ জানান সোমনাথ হালদার।
অন্যদিকে ভারতের অনেক প্রদেশের সঙ্গে বাংলাদেশিদের ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ রয়েছে উল্লেখ করে দেশটির ভিসা পদ্ধতি আরও সহজ করার কথা বলেন সিটি মেয়র।
বৈঠকে চট্টগ্রাম নগরীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সোমনাথ হালদারকে মেয়র নাছির অবহিত করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
