২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবদুল করিম সাহিত্য বিশারদের স্মৃতি রক্ষায় উদ্যোগে জোর

চট্টগ্রামে আবদুল করিম সাহিত্য বিশারদের স্মৃতি রক্ষায় জাতীয়ভাবে উদ্যোগ নেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে তার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 10:15 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

শুক্রবার দুপুরে চট্টগ্রামের গ্রন্থবিপণি ও প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’ এ আবদুল করিম সাহিত্য বিশারদ রচিত ‘ইসলামাবাদ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ইতিহাসবিদ আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন বলেন, আবদুল করিম সাহিত্য বিশারদের কাজে শুরুতে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও পরে তিনি বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।

“এশিয়াটিক সোসাইটি তাকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ করেছে। বাংলা একাডেমির প্রধান হলটিও তার নামে। বর্তমানে তিনি জাতীয়ভাবে স্বীকৃত ব্যক্তিত্ব হলেও চট্টগ্রামে তার স্মৃতি রক্ষার্থে যথাযথ উদ্যোগ আমরা নিতে পারিনি।”

আবদুল করিম সাহিত্য বিশারদ চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ইসলামাবাদ গ্রন্থটি রচনা করেছিল, প্রকাশনা সংস্থা বাতিঘর বইটি পুনঃপ্রকাশ করেছে।

আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন বলেন, ইসলামাবাদ বইটি মূলত দুভাগে বিভক্ত। প্রথমভাবে প্রাচীন থেকে আধুনিক যুগ পর্যন্ত চট্টগ্রামের ইতিহাসধর্মী সংকলনের বর্ণনা।

“দ্বিতীয়ভাগে সাহিত্য বিশারদ চট্টগ্রামের ভাষা নিয়ে আলোচনা করেছে। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক বলে মনে হয়েছে। আরবি, ফার্সি, ইংরেজি, মগী, পর্তুগীজ ও পাহাড়ি ভাষার সংমিশ্রণে চট্টগ্রামের শব্দভাণ্ডার তৈরি এবং কথ্য ভাষা হলেও চট্টগ্রামী ভাষার যে একটি ব্যাকরণ আছে সেটি তিনি এই বইতে বিশ্লেষণ করেছেন।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি জাদুঘরের অবসরপ্রাপ্ত উপ-কিউরেটর ড. শামসুল হোসাইন ও চবি ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান।

মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্তাধিকারী দীপঙ্কর দাশ।

১৮৭১ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা, প্রাচীন বাংলার পুঁথি সংগ্রাহক ও ব্যাখ্যাকার আবদুল কররিমের জন্ম।

১৯২০-২১ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ তার রচিত ‘বাঙালা প্রাচীন পুঁথির বিবরণ’ দুখণ্ডে প্রকাশ করে। তার সংগৃহীত পুঁথি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ও বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে।

নদীয়া সাহিত্য সভা তাকে ‘সাহিত্যসাগর’ ও চট্টগ্রাম ধর্মমণ্ডলী তাকে ‘সাহিত্য বিশারদ’ উপাধিতে ভূষিত করে।

নগরীর রাভ লেইন সড়কটি আবদুল করিম সাহিত্য বিশারদের নামে নামকরণ করা হলেও সড়ক দ্বীপ সংস্কারের সময় মাসখানেক আগে সরিয়ে নেওয়া নামফলকটি এখনো বসানো হয়নি।