বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত জমির হোসেন (২৮) উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা এলাকার নাছির মিয়ার ছেলে।
বুধবার রাতে জালিয়াঘাটা এলাকায় তাকে ছুরির আঘাতে হত্যার ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ঘটনায় কিছুটা রহস্য আছে। এখনই বিস্তারিত বলতে পারছি না। তদন্ত চলছে। আশা করি, দ্রুতই জানাতে পারব কি হয়েছিল।”
নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
