২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত শতাংশ প্রবৃদ্ধি ‘কাল্পনিক’: নোমান

দেশে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি সরকারের ‘কাল্পনিক’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 09:44 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “দেশে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন হলে সে দেশের নাগরিক অভাবের তাড়নায় অনাহারে-অর্ধহারে জীবন যাপন করত না।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৪ শতাংশ প্রাক্কলন করা হলেও বিশ্ব ব্যাংক বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচেই থাকবে।

বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টসে’ ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রচারকে আওয়ামী লীগের মিথ্যা প্রচারণা মন্তব্য করে নোমান বলেন, “দেশে যদি সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন ও মধ্যম আয়ের দেশে পরিণত হতো তাহলে বিদেশিরা এ দেশে চাকরির জন্য আসত। দেশের নাগরিকদের বিদেশে চাকরির জন্য যেতে হত না।”

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বলেও দাবি করেন বিএনপি নেতা নোমান।

এসময় তিনি জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেন।

চবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ, চবি ছাত্রদলের সাবেক সভাপতি মো. সেলিম, এমআর চৌধুরী মিল্টনসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বিএনপি নেতরা।