২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের বিভিন্ন বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকাসহ নানা অপরাধে ১২টি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 07:20 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের মেসার্স আমির স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ওই বাজারের ব্যবসায়ীদের পণ্যমূল্য সহনীয় রাখার পরামর্শ দেয় ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপমা দাসের নেতৃত্বে বক্সিরহাট বাজারে অভিযান চালানো হয়।

মূল্য তালিকা না টানানো, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং পাটজাত মোড়ক ব্যবহার না করায় এ বাজারের সাতটি দোকানকে মোট সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দের নেতৃত্বে।

মূল্য তালিকা না থাকা এবং পণ্যের দাম বেশি রাখায় এখানে চারটি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ সদস্য ও পাট অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।