২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর অসন্তোষের তিন মাসের মাথায় সেতু নির্মাণ

মার্চে চট্টগ্রাম সফরে এসে বিমানবন্দর সড়কের রাস্তা ও সেতুর বেহাল অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ জানানোর তিন মাসের মধ্যে দুই সেতুর নির্মাণ কাজ শেষ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 09:13 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

সোমবার বিকাল থেকে নগরীর পতেঙ্গা এলাকার বিমানবন্দর সড়কের সাত নম্বর ও নয় নম্বর এলাকার সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এ সেতু দুটির প্রতিটির দৈর্ঘ্য ২০ মিটার।

এছাড়াও বিমানবন্দর সড়কের ১৫ নম্বর ঘাট এলাকার সবচেয়ে দীর্ঘ সেতুটির ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ঈদের আগেই সেটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিসিসি। এ সেতুর দৈর্ঘ্য ৪৫ মিটার।

গত ১২ মার্চ নৌবাহিনীর ‍দুটি সাবমেরিন ও চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধন করতে চট্টগ্রাম সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবমেরিন উদ্বোধনের পর নৌ ঘাঁটি থেকে বোট ক্লাবে গিয়ে নিজের নামে করা পানি শোধনাগার উদ্বোধন করেন শেখ হাসিনা।

নৌঘাঁটি থেকে বেরিয়ে বিমানবন্দর সড়ক ধরে বোট ক্লাবে যাওয়ার পথে বেহাল সড়ক দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তখন বলেন, “আমি নেভাল থেকে এখানে আসার পথে রাস্তাঘাটের যা অবস্থা দেখেছি, তাতে খুব দুঃখ পেয়েছি। আমি জানি না রাস্তার এ দুরবস্থা কেন? বড় বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে। ব্রিজের কাজগুলোও সম্পন্ন করা হয়নি।”

সড়ক ও সেতুর এ দুরাবস্থা জানতে অনুষ্ঠানে উপস্থিত সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে কৈফিয়তও চান প্রধানমন্ত্রী।

পরদিন সিটি মেয়র সিসিসির প্রকৌশলীদের সঙ্গে বসে তিন মাসের মধ্যে সড়ক ও সেতু তিনটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করে দেন।

জানতে চাইলে সিসিসির প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুপ্ত খালের উপর নয় নম্বর সেতু ও রুবি সিমেন্ট গেট এলাকার সাত নম্বর সেতু আমরা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছি।”

নির্ধারিত সময়ে মধ্যে সেতু দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরা ও টানা বৃষ্টি না হলে আরও আগে সেতু দুটির নির্মাণ কাজ শেষ হত।  

“বিমানবন্দর সড়কের দীর্ঘ ১৫ নম্বর ঘাট এলাকার সেতুর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। সচরাচর ঢালাইয়ের পর ২১ দিন অপেক্ষা করা ভালো। আমরা আশা করছি ঈদের আগে সেটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিত পারব।”

সেতু তিনটি নির্মাণে মোট ২০ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে তিনি জানান।

এ সেতু তিনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৫ সালের নভেম্বর মাসে।