চট্টগ্রামের আমের বাজারে ফরমালিন মেলেনি
চট্টগ্রামের পাইকারী ফলের বাজারের আমে ফরমালিনের কোন অস্তিত্ব মেলেনি।
রোববার নগরীর স্টেশন রোডের ফলমন্ডি ও ফিরিঙ্গিবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও আবদুস সামাদ শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সৈয়দ মোরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলমন্ডি ও ফিরিঙ্গিবাজারে বিক্রি করা আমে ফরমালিন দেওয়া হচ্ছে কিনা তা জানতে বিএসটিআই কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
“প্রতিটি দোকান থেকে আমের নমুনা সংগ্রহ করে সেগুলোতে ফরমালিনের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করা হয়। তবে কোন দোকানের বিক্রি করা আমে ফরমালিন পাওয়া যায়নি।”
চট্টগ্রাম নগর পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে সকাল দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
