২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিল বকেয়া: ৯ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

৫৩ লাখ টাকা বিল বকেয়া থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 08:33 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

রোববার বেলা ১১টায় নগরীর আন্দরকিল্লা এলাকার আড়াইশ শয্যার সরকারি এ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জনগুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় রাত সাড়ে ৮টায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় বলে পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জেনারেল হাসপাতালের ৫৩ লাখ টাকা বিল বকেয়া রয়েছে। বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ বিল পরিশোধ না করায় সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।”

সংযোগ কাটার পরও বকেয়া বিলের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।

সরকারি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. সলিল কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিল সমস্যা থাকলেও হাসপাতালে জনস্বার্থে বিদ্যুৎ সংযোগ নিয়মিত রাখা উচিৎ।”

সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জেনারেটর দিয়ে হাসপাতালের জরুরি কার্যক্রম চালানো হয়।

সংযোগ বিচ্ছিন্নের পর বকেয়া বিল পরিশোধের জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয় বলে পিডিবির কর্মকর্তাদের জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পিডিবি কর্মকর্তারা জানান, জেনারেল হাসপাতালের মূল বকেয়া বিলের পরিমাণ ৩৩ লাখ টাকা হলেও সুদসহ তা ৫৩ লাখ টাকায় গিয়ে ঠেকেছে।

পিডিবির পাথারঘাটা বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে গত দুই মাসে তিন দফায় নোটিস দিলেও জেনারেল হাসপাতালের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।