২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার লুটপাটের অর্থনীতিতে জড়িয়ে পড়েছে: আমির খসরু

উন্নয়নের জোয়ারের নামে বর্তমান সরকার লুটপাটের অর্থনীতিতে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 10:37 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিলে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিমালা এবং বৃহৎ অর্থনৈতিক সংস্কারের মাধ্যমেই আজকে বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে যারা জোর করে ক্ষমতা দখল করেছে, নির্বাচনে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে- তারা অর্থনীতির প্রধান তিনটি শক্তিকে নষ্ট করে দিচ্ছে।

“আজকে রেমিট্যান্সে নিম্নগতি, আজকে রপ্তানি নিম্নগতি এবং কৃষি উৎপাদনে নিম্নগতি। অথচ তারা বলছে তারা নাকি বাংলাদেশকে এক উন্নয়নের জোয়ারে নিয়ে গেছে। তারা আর্থিক খাতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। জনগণের উপর তার ভার চাপিয়ে দিচ্ছে। কারণ তারা সত্যিকার অর্থনীতি থেকে সরে গিয়ে লুটপাটের অর্থনীতিতে জড়িয়ে পড়েছে।”

বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, “উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে, অফসোর ব্যাংকে জমা করছে। পানামা পেপারের মাধ্যমে সেগুলো নাম উঠে এসেছে। তাদের দুর্নীতির টাকায় বিদেশি ব্যাংকগুলো ধনী হচ্ছে।”

নিজেদের দুর্নীতির দায় মেটাতে জনগণের ওপর সরকার করের বোঝা চাপাচ্ছে অভিযোগ করে আমির খসরু বলেন, ১৫ শতাংশ ভ্যাট দেবেন, সেই ভ্যাট বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, গরিব শ্রেণির ক্রয় ক্ষমতা আরও কমিয়ে দেবে।

“বাংলাদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা গত তিন-চার বছরে কমে গেছে। অর্থাৎ আয় যতটুকু বেড়েছে তার চেয়ে বেড়েছে মূল্যস্ফীতি। মানে তাদের রিয়েল ইনকাম কমে গেছে। তাদের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ আরও গরিব হতে যাচ্ছে।”

সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, “একদিকে উন্নয়নের জোয়ারে লাভবান হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের দলীয় সন্ত্রাসীরা লুটপাটের মাধ্যমে বড়লোক হচ্ছে। উন্নয়নের কথা বলে তারা দেশের মানুষকে ধোকাবাজি করছে।

“যে প্রবৃদ্ধির অংক, পরিসংখ্যান জনগণের সামনে তুলে ধরছে প্রত্যেকটাই ধোকাবাজি। কোনোটাই সত্য নয়। সাতের ওপর যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে- সেটা বাংলাদেশের এই প্রেক্ষাপটে সম্ভব নয়। যেখানে রপ্তানি আয় নিম্নগামী, যেখানে প্রকৃত আয় নিম্নগামী, যেখানে রেমিট্যান্স নিম্নগামী, বিনিয়োগ স্থবির- সেখানে এটা সম্ভব নয়।”

তিনি বলেন, “বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে ইউরোপে পাড়ি দিচ্ছে। যে দেশে সাত শতাংশ প্রবৃদ্ধি হয় সেদেশের মাসুষ জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাবে এটা বিশ্বাসযোগ্য?”

‘ভিশন ২০৩০’ জাতিকে আশান্বিত করেছে দাবি করে বিএনপি নেতা আমির খসরু বলেন, “জাতি আলোর পথ দেখছে। এটা কারো স্বপ্ন নয়, এটা বাস্তবতা। এই বাস্তবতার প্রেক্ষিতে বাংলাদেশ আবার জেগে উঠবে। অর্থনীতি জনগণের কাছে ফিরে যাবে।”

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় নগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অন্যরা বক্তব্য রাখেন।