২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোরায় বাঁশখালীতে ঘরবাড়ি ও গাছপালা ভাঙার খবর

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে চট্টগ্রামে চলছে ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপট; বাঁশখালীতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে হয়েছে ক্ষয়ক্ষতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 12:17 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

মঙ্গলবার সকাল ৬টা থেকে ঘণ্টায় একশ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে উপকূলরেখা অতিক্রম করা শুরু করে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদর এবং ছনুয়া ইউনিয়নে ঘরবাড়ি এবং গাছপালা ভাঙার সংবাদ পেয়েছি।

স্থানীয় বাসিন্দারা জানান, বাহারছড়া ইউনিয়ন, গন্ডামারা ও আলোকদিয়া এলাকায় ঝড়ো বাতাসে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূল অতিক্রম করলেও অন্য উপজেলাগুলো এবং নগরীতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম অতিক্রম করতে বেলা ১২টা পর্যন্ত সময় লাগতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত।

এই সময়ের মধ্যে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানান তিনি।

চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারেও বৃষ্টির সঙ্গে চলছে প্রচণ্ড ঝড়ো হাওয়া। দুর্যোগপূর্ণ এই আবহওয়া আরও ১২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।  

প্রাথমিকভাবে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং গাছপালা ভেঙে পড়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাফা জানিয়েছেন। তবে প্রাণহানির কোনো তথ্য আসেনি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ১ লাখ ২০ হাজার ২২০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো পর্যন্ত জানমালের ক্ষতির কোনো খবর পাইনি। যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন তাদের দেখভাল করা হচ্ছে। পাশাপাশি পাহাড় থেকে ঝুকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার কাজ এখনো চলছে।

জেলা ত্রাণ ও পুর্নবাসন ক্ষমতা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচুর বৃষ্টি হচ্ছে। ক্ষয়ক্ষতির খবর এখনো পাইনি। শুকনো খাবার ও চাল বিতরণ করা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে।

এদিকে বৃষ্টিতে বন্দর নগরীর জিইসির মোড়, দুই নম্বর গেট এলাকাসহ কয়েকটি এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে যানবাহন চলাচল নেই বললেই চলে; পথচারীরা চলাচলও প্রায় বন্ধ।

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম বন্ধ আছে।