২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের সমাবেশে পুলিশি হামলার অভিযোগ

চট্টগ্রামের পটিয়াতে সুন্নীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে পুলিশি হামলার অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 09:07 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

মঙ্গলবার পটিয়া উপজেলার শিকলবাহা রেলক্রসিং গোলচত্বরে এ সমাবেশে পুলিশের গুলিতে ছয়জন আহত হওয়ার দাবিও করেছেন সংগঠনটির নেতারা।

ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৯ মে তারিখে সুন্নীদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম।

“শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সমাবেশের শেষের দিকে পুলিশ অতর্কিত এসে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করতে থাকে। পুলিশের শটগানের গুলিতে আমাদের ছয়জন হয়েছে।”

হামলার অভিযোগ অস্বীকার করে পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের সমাবেশের কোনো অনুমতি ছিল না। সড়ক বন্ধ করে সমাবেশ করছিল।

“আমরা গিয়ে তাদের সরিয়ে দিতে তারা গাড়ি ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তাদের সরিয়ে দিতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে”।

ইসলামী ফ্রন্ট কর্ণফুলির মইজ্জারটেক এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও সিটি এসবি শিকলাবাহার গোলচত্বরে সমাবেশ করার অনুরোধ জানায় দাবি করলেও সমাবেশের কোনো লিখিত অনুমতি ছিল না বলে স্বীকার করেন আবুল হোসেন।