চট্টগ্রামে দেয়াল ধসে, বজ্রপাতে নিহত ২
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে ও বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ গ্রামের শামসুল আলমের ছেলে আলী আকবর (৪০) ও জোরারগঞ্জের মৃত খোকন শর্মার ছেলে অভি শর্মা (২১)।
সোমবার সকালে বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার বালুর মাঠ এলাকা ও জোরারগঞ্জের জামালপুর গ্রামে ঘটনা দুটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঝড়ো বাতাসে বালুর মাঠ এলাকার আবু আলমের মালিকানাধীন বিছমিল্লাহ টাওয়ারের ছয়তলার পূর্ব পাশের তিন ফুট উঁচু কাঁচা দেয়াল ভেঙে নিচে চাপা পড়েন আলী আকবর।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ জানান, সকালে বৃষ্টির মধ্যে নিজেদের ক্ষেতে কাজ করার সময় বজ্রাহত হন অভি।
সকাল এগারটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
