২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ আব্দুর রশীদ মারা গেছেন

চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আব্দুর রশীদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 07:33 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

বুধবার বেলা আড়াইটার দিকে নগরীর মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালে মারা যান বিচারক আব্দুর রশীদ (৫০)।

তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার বাসিন্দা। আব্দুর রশীদের স্ত্রী চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস।

এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে আছে।

বিচারক আব্দুর রশীদ গত বছর ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছিলেন।

বুধবার বিকালে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় বিচারক আব্দুর রশীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুর রশীদ একজন সৎ মানুষ ও নীতিবান বিচারক হিসেবে চট্টগ্রাম আদালত অঙ্গনে সকলের প্রিয় ছিলেন।

“মাত্র এক ঘণ্টার নোটিসে আজ বন্ধের দিনে উনার জানাজায় হাজারো আইনজীবী জড়ো হন। বিচারকরাও উপস্থিত ছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সমিতি বৃহস্পতিবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর আদালতের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে।”

২০১৬ সালে ব্রেইন টিউমারে শনাক্তের পর গত বছর জুনে সিঙ্গাপুরে তার অস্ত্রোপচার হয়। এরপর মাথায় আরও একটি টিউমার শনাক্ত হলে দ্বিতীয় দফায় অস্ত্রপচার করা হয়। সবশেষ গত এপ্রিলে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন।

আইনজীবী রতন কুমার রায় জানান, শেষ এক মাস ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিচারক আব্দুর রশীদ।

উনাকে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান তিনি।

বিচারক আব্দুর রশীদের মৃত্যুতে শোক প্রকাশ করে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, “একজন সৎ বিচারক ও ভালো মানুষ হিসেবে তিনি সবার প্রিয় ছিলেন। তাকে হারিয়ে চট্টগ্রামের বিচারাঙ্গনের সবাই শোকাহত।”