২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি নির্মূলে ব্র্যাকের মতবিনিময়

যৌন হয়রানি নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে সাংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 10:07 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, নারীরা এগিয়ে গেলেও এখনও অনেক প্রতিবন্ধকতা আছে।

এক সময় শহরে মোটামুটি সবাই সবার পরিচিত থাকার কারণে নারীর উপর নির্যাতন বা হয়রানি কম থাকলেও এখন চিত্র ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।

“শহরগুলো কসমোপলিটন হয়ে উঠার সাথে নারীর উপর নিপীড়নের একটা সংযোগ আছে।”

নারীর পথে প্রতিবন্ধকতা দূর করতে সমাজের সচেতন অংশ, সংবাদকর্মী ও বেসরকারি সংস্থাগুলোর ঐক্যবদ্ধ কাজের উপর জোর দেন তিনি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ বলেন, যৌন হয়রানি একটি সামাজিক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও এটা ঘটছে।

“মিডিয়ার ভূমিকার কারণে এ বিষয়গুলো উঠে আসছে, প্রতিকারও হচ্ছে। সবাইকে একযোগে যৌন হয়রানি নির্মূলে কাজ করে যেতে হবে।”

সভায় ব্র্যাকের সিনিয়র সেকটর স্পেশালিস্ট ঝর্ণা দাশ বলেন, “নারীর উপর যৌন হয়রানির প্রতিবেদন তৈরীতে মিডিয়া আগের চেয়ে অনেক সচেতন হয়ে উঠেছে যা ইতিবাচক।”

তিনি জানান, চট্টগ্রামের ৪৪টি স্কুলে নারীর উপর যৌন হয়রানির নির্মূলে ও সবাইকে সচেতন করতে ‘মেজনিন কর্মসূচি’ চালু আছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন যৌন হয়রানি নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী।