২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির তেল চুরি: চসিকের দুই চালকসহ তিনজনের কারাদণ্ড

এক দশক আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গাড়ির তেল চুরি করে বিক্রির দায়ে দুই চালক ও এক ক্রেতাকে এক বছরের সাজা দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 08:38 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিটি করপোরেশনের গাড়িচালক শাহ আলম ও আবদুর রাজ্জাক এবং তেল ক্রেতা দরবার এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক জালাল আহমদ।

এদের মধ্যে জালাল আহমদ পলাতক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেল ‍চুরির সময় হাতেনাতে ধরা পড়েছিল আসামিরা।

“অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।”

মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, দণ্ডিত শাহ আলম ও আবদুর রাজ্জাক জামিনের আবেদন করেছিলেন। আপিল করবেন এ শর্তে তাদের জামিন দেওয়া হয়েছে। এক বছর মেয়াদের সাজা হলে জামিন দেওয়ার বিধান আছে।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি ভোর পাঁচটায় নগরীর পাহাড়তলি থানার পিসি রোড এলাকায় দরবার এন্টারপ্রাইজে সিটি করপোরেশনের ট্রাক থেকে তেল বিক্রির সময় আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রায় সাড়ে ১৭ হাজার টাকার তেল বিক্রির অভিয়োগে পাহাড়তলি থানায় এ মামলা হয়।

এ মামলায় ২০১৪ সালের ২১ ডিসেম্বর অভিযোগপত্র দেওয়া হয়।