২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ুপথে লুকিয়ে ১২ সোনার বিস্কুট

পায়ুপথে লুকিয়ে সোনার বিস্কুট পাচারের সময় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 03:12 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

গ্রেপ্তার মো. বেলালের (৩৭) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মঙ্গলবার সকালে তিনি শারজাহ থেকে চট্টগ্রামে আসেন বলে শুল্ক গোয়ন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় বেলালকে আটক করা হয়।  

“প্রথমে স্বীকার করতে না চাইলেও মেটাল ডিটেক্টরে পরীক্ষা করার পর তার শরীরে ধাতব বস্তু থাকার সংকেত পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে পায়ুপথে লুকিয়ে স্বর্ণ আনার কথা তিনি স্বীকার করেন।”

প্রণয় বলেন, “চারটি প্যাকেট মুড়িয়ে বেলাল পায়ুপথে লুকিয়ে ১২টি সোনার বিস্কুট নিয়ে এসেছেন। শাহ আমানত বিমানবন্দরে এই কৌশলে আনা সোনার সবচেয়ে বড় চালান এটি।” 

তিনি জানান, উদ্ধার করা প্রতিটি সোনার বিস্কুটের ওজন ১০ তোলা। সব মিলিয়ে এক কেজি ৩৯২ গ্রাম ওজনের এই সোনার বাজার দর ৬৫ লাখ টাকা।