হত্যা মামলায় ১৮ বছর পর তিনজনের যাবজ্জীবন
মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে হত্যার ১৮ বছর পর এ মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম মানিক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন, আমির হোসেন ও সাইফুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি সাইফুল পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২২ অক্টোবর আগ্রাবাদের বাদামতলি কেরানি পুকুর পাড় এলাকায় আবছার উদ্দিন আব্বাস নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় আবছারের ভাই মো. হানিফ মামলা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আব্বাসকে হত্যা করা হয়।
“তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।”
অভিযোগ প্রমাণ না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তারা হলেন- দেলোয়ার হোসেন, মমতাজ হোসেন, জাহাঙ্গীর আলম ও মো. বাহাদুর।
