২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় প্রত্যাশিত ফল না হওয়ায় আত্মহত্যা

এসএসসিতে প্রত্যাশিত ফল না হওয়ায় চট্টগ্রামে ঘরের সিলিংয়ে ঝুলে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 12:54 AM

Updated : 19 Aug 2022, 04:33 PM

নিহত সোহরাব হাসান (১৬) নগরীর এনায়েত বাজার ২৫ বাটালি সড়কের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজেদের ঘর থেকে সোহরাবকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে কোতোয়ালি থানার এসআই মো. হারুন জানান।

সোহরাব স্থানীয় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে জিপিএ-৩ দশমিক ৭৭ পেয়ে পাশ করেন।

“কাঙ্ক্ষিত ফল না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে,” বলেন এসআই হারুন।

এনায়েতবাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহরাব বিকালে নিজের ঘরে সিলিংয়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে সময় তার মা বাসায় ছিলেন না। তার বোন ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় সোহরাবকে দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে তাকে উদ্ধার করে ক্লিনিকে নেয়।”

এদিকে সীতাকুণ্ডের ফকিরহাটে অপর এক কিশোরী এসএসসিতে ফেল করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মানব জ্যেওাতি চাকমা জানিয়েছেন।