চট্টগ্রামে খুচরা বাজারে চিনি ৬৩, ছোলার ৮০ টাকা দর নির্ধারণ
রমজানকে সামনে রেখে চট্টগ্রামে ছোলা ও চিনির খুচরা দর নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যবসায়ী, আমদানিকারক, আড়ৎদার ও ক্যাবের (কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, সাধারণ মানের ছোলা প্রতি কেজি পাইকারিতে বিক্রি হবে ৭৫ টাকা আর খুচরায় বিক্রি হবে ৮০ টাকা। ভালো মানের অস্ট্রেলিয়ান ছোলা পাইকারিতে ৮০ ও খুচরায় সর্বোচ্চ ৮৫ টাকা বিক্রি করা যাবে।
এছাড়া চিনির পাইকারি মূল্য প্রতি কেজি ৫৮ টাকা আর খুচরায় প্রতি কেজি সর্বোচ্চ ৬৩ টাকায় বিক্রি হবে বলে জানান সামসুল আরেফিন।
শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, আগামীকাল শুক্রবার থেকে ঈদের দিন পর্যন্ত এ দামে ছোলা ও চিনি বিক্রি হবে। ব্যবসায়ীরা এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।
নির্দিষ্ট মূল্যের বাইরে বেশি দামে কেউ ছোলা ও চিনি বিক্রি করলে খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম চেম্বার, ক্যাব ও জেলা প্রশাসনকে অবহিত করার জন্য ভোক্তাদের আহ্বান জানান জেলা প্রশাসক শামসুল আরেফিন।
সভায় গত বছর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কেজিতে ১২ টাকা লাভে চিনি বিক্রির অপরাধে জরিমানা করা মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, “জেলা প্রশাসনের নির্ধারিত মূল্যে রোজার শেষ দিন পর্যন্ত চিনি বিক্রি করব। আশা করি কোনো সমস্যা হবে না।”
সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, “বিদেশে উৎসবে ভোক্তাদের জন্য ছাড়ের ব্যবস্থা থাকে। পণ্যের দাম কমে যায়। আমাদের এখানে সে সংস্কৃতি চালু করতে হবে।”
‘সর্বোচ্চ বিক্রি ও ন্যূনতম লাভ’ এ নীতিতে ব্যবসায়ীদের চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আজকে যে মূল্য আমরা নির্ধারণ করে দিয়েছি, সেটার বাইরে কেউ গেলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”
তিনি বলেন, সরকারের যে উন্নয়ন ও সাফল্য সেটা দ্রব্যমূল্যের কারণে সংকটে পড়তে দেওয়া যাবে না।
বিষয়টি গুরুত্বের সাথে ভাবার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন চট্টগ্রাম চেম্বারের এই সভাপতি।
“প্রশাসন, ব্যবসায়ী, ভোক্তা প্রতিনিধি ও আমদানিকারকদের নিয়ে আমরা খুব শিগগির বসব। আজকে যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা ব্যবসায়ীরা ঈদের দিন পর্যন্ত সেটা অব্যাহত রাখবে।”
চিনি ও ছোলা সরাসরি খাতুনগঞ্জ থেকে কেনার পরামর্শ দিয়ে মাহবুবুল আলম বলেন, “আপনারা যারা ডিলার, তারা সরাসরি চিনি ও ছোলা নির্ধারিত দামে খাতুনগঞ্জ থেকে কিনবেন।
“এক বিষয় মনে রাখবেন, চিনি ও ছোলা কেনার সময় যাতে হাতবদল না হয়। হাতবদল হলে পণ্যের দাম বেড়ে যাবে, সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।”
খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ বলেন, “ঢাকার চিনি মিল মালিকরা রমজানকে সামনে রেখে চিনির উৎপাদন বন্ধ রেখেছে, যার কারণে দেশে চিনির দাম বাড়তির দিকে।”
চিনির মার্কেট ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয় জানিয়ে তিনি বলেন, “ঢাকায় চিনির যারা মিল মালিক, তাদের বিচার হওয়া উচিত। খাতুনগঞ্জ ব্যবসা নিয়ন্ত্রণ করে ৩০ ভাগ, বাকিটা নিয়ন্ত্রণ করে ঢাকার ব্যবসায়ীরা। সবাই শুধু আমাদের দোষ দেয়।”
সভায় ক্যাব চট্টগামের সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরি শুধুমাত্র খুচরা পর্যায়ে নয় পণ্যের পাইকারি ও আমদানি পর্যায়ে নজরদারির পরামর্শ দেন।
জেলা প্রশাসনের পাঁচটি মনিটরিং সেল বাজার নিয়মিত পরিদর্শন করবে বলে সভায় জানান জেলা প্রশাসক।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ক্যাব চট্টগ্রামের সভাপতি নাজের হোসেন ও রিয়াজউদ্দিন বাজার আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক সিবলি বক্তব্য রাখেন।
