২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের গ্যারেজ থেকে দুটি মার্সিডিজ জব্দ

চট্টগ্রামের মুরাদপুরে একটি গ্যারেজ থেকে দুটি মার্সিডিজ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 12:48 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

বুধবার রাতে নগরীর মুরাদপুরের কার কোল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার নামের ওই গ্যারেজে রাখা গাড়ি দুটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারেক মাহমুদ বলেন, কারনেট সুবিধায় আনা গাড়ি দুটি শর্ত মেনে ফেরত নেওয়া হয়নি, শুল্ক ফাঁকি দিয়ে হাতবদল করা হয়েছে। এর মধ্যে একটি এসইউভি, অন্যটি সেডান।

শুল্কসহ হিসাব করলে গাড়ি দুটির দাম প্রায় সাড়ে চার কোটি টাকা হবে বলে জানান তিনি।

এর মধ্যে এসইউভির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো -ঘ-১৪-১৭৫৩ এবং সেডানের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ভ-১৪-০২২১। বিআরটিএতে খোঁজ করে শুল্ক গোয়েন্দারা জেনেছেন, দুটি নম্বরপ্লেটই ভুয়া।

গ্যারেজ মালিকের বরাত দিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা তারেক জানান, বিশ্বজিৎ নামের একজন মার্সিডিজ এসইউভি এবং যুবরাজ নামে অপর এক ব্যক্তি মার্সিডিজ সেডানটি সার্ভিসিংয়ের জন্য গ্যারেজে রেখে যায়।

তারা খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ২০১১ সালের ৫ জানুয়ারি মোহাম্মদ মনসুর আলী নামের একজন লন্ডন থেকে মার্সিডিজ এসইউভিটি নিয়ে আসেন।

আর মোহাম্মদ আশরাফুল আলম নামের আরেক লন্ডনপ্রবাসী ২০১০ সালের ২৫ ডিসেম্বর আনেন সেডানটি।

কার্নেট-ডি-প্যাসেজ সুবিধায় শুল্কমুক্তভাবে গাড়িগুলো আনা হয়েছিল। কিন্তু তা না করে মালিকরা শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি দুটি হাতবদল করেছেন।

শুল্ক গোয়েন্দারা জানান, আন্তর্জাতিক একটি সনদ অনুযায়ী যে সুবিধায় পর্যটকরা একটি দেশ থেকে অন্য দেশে শুল্ক না দিয়েই গাড়ি নিয়ে ঢুকতে পারেন, তাকেই ‘কার্নেট ডি প্যাসেজ’ বলা হয়। তবে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ দুই বা তিন মাসের জন্য এই সুবিধা পান পর্যটকরা। এতে তাদের সংশ্লিষ্ট দেশের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয়। নির্দিষ্ট সময় পর গাড়িটি ফেরত না গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী এর উপর শুল্ক আরোপ করা হয়।