চট্টগ্রামের পাঁচ জয়িতা পুরস্কৃত
সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা জয় করে নিজ নিজ ক্ষেত্রে সফল চট্টগ্রামের পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতার’ পুরষ্কার দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার নগরীর ষোলশহরে এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মোট ৫৫ জন জয়িতার মধ্যে পাঁচজনকে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচন করা হয়।
এরা হলেন- সফল উদ্যোক্তা কক্সবাজার জেলার আয়শা সিরাজ, শিক্ষা ও চাকরিতে সফলতা পাওয়া কুমিল্লা জেলার মোছাম্মৎ রহিমা আক্তার এবং সফল জননী খাগড়াছড়ি জেলার হ্নলাক্রাপ্রু মার্মা।
এছাড়া নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা চাঁদপুরের আজমিরি বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় ফেনীর অধ্যাপক পান্না কায়সারকে জয়িতা হিসেবে পুরষ্কৃত করা হয়।
জয়িতা সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে মেধা ও দক্ষতায় নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।
“এরপরও নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে আছে।নারীরা কাজেকর্মে এগিয়ে গেলে পুরুষদের অনেক সমস্যার সমাধান হবে। নারীর অগ্রযাত্রায় সঙ্গী হতে হবে পুরুষকে।”
সফল হতে নিজের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করতে নারীদের প্রতি আহ্বান জানান মেহের আফরোজ।
“সফলতা অর্জনে পুরুষের চেয়ে নারীর কষ্ট অনেক বেশি। বর্তমান সরকার নারীদের জন্য ১৮ রকম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণের মাধ্যমে দুই কোটি নারীকে দক্ষ করে গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী: “প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেটা যদি আর দশ বছর অব্যাহত রাখতে পারেন, তাহলে কর্মক্ষেত্রের প্রতিটি নারী একেকজন জয়িতা হয়ে উঠবে।”
শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত প্রত্যেকের হাতে নগদ ১০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী চুমকি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বক্তব্য দেন।
দেশের সার্বিক উন্নয়নে নারীর অবদান স্বীকার করে তাদের মধ্যে আত্মশক্তির উন্মোচন ঘটাতে ২০১৩ সাল থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে নানা ক্ষেত্রে সফল নারীদের অন্বেষণ শুরু করে।
এ উদ্যোগের মাধ্যমে প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চলে নানা বাধাবিপত্তি পেরিয়ে সফল হওয়া নারীদের সম্মাননা দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
