ব্র্যাকের দুই কর্মীকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দুই কর্মীকে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে এ ঘটনায় ব্র্যাকের দুই কর্মচারী আনোয়ার ইসলাম (৩৫) ও সুমন তালুকদার (৩০) গুলিবিদ্ধ হয়েছেন।
আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটিতে চিকিৎসাধীন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে অফিসের কাজ শেষে ফিরছিলেন ব্র্যাকের চার কর্মচারী।
“এসময় পদুয়া এলাকায় ছিনতাইকারীরা তাদের ওপর চড়াও হয়। ছিনতাইকারীরা দুইজনকে গুলি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অন্য দুইজনকে মারধর করে।”
নায়েক গৌরিলাল চাকমা বলেন, আহত দুজনের পায়ে গুলি লেগেছে।
ঘটনার বিষয়ে রাত সোয়া ৯টার দিকে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিসের কাজ শেষে পায়ে হেঁটে ফেরার পথে ছিনতাইকারীরা ব্র্যাক কর্মীদের কাছে থাকা সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
“তাদের গুলি করার বিষয়টি আমরা জানি না। এখন ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত বলতে পারব।”
