২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আ. লীগের দুইপক্ষে সংঘর্ষ

চট্টগ্রামের বায়েজিদে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 08:06 PM

Updated : 19 Aug 2022, 04:18 PM

সোমবার বিকাল ৫টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শের শাহ এলাকার ‘তারা গেইট’ নামের স্থানে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগনেতা নাজিম উদ্দিন ও আওয়ামী লীগ কর্মী আবদুল কুদ্দুসের পক্ষের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত তিনজনের মধ্যে নাজিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা।

আহত বাকি দুইজন হলেন- ফজল আমিন ও আতাউর রহমান টিটু।

নাজিম উদ্দিন নগরীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।  আর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থক কুদ্দুস নগরীতে ‘কানা কুদ্দুস’ নামে পরিচিত।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা গেইট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাজিম উদ্দিন ও কানা কুদ্দুসের পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি জানান, সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শাস্ত রয়েছে।

বায়েজিদ এলাকায় নিহত যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবদুল কুদ্দুস।

স্থানীয়দের কয়েকজন বলছেন, কুদ্দুস জামিনে বের হয়ে এসে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। এর জের ধরে সোমবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুরনো খবর:

চট্টগ্রামে বাদল হত্যার আসামি কুদ্দুস গ্রেপ্তার