২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ব্যক্তির স্ত্রী হয়ে আসা ফিলিপিনো দুই নারীকে উদ্ধার

চট্টগ্রামের এক ব্যক্তির স্ত্রী হয়ে বাংলাদেশে আসা ফিলিপিনো দুই নারীকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 07:29 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

তোফাজ্জল করিম নামে দুবাই প্রবাসী ওই ব্যক্তি দুই বারে প্রবাসে গিয়ে ওই দুই নারীকে বিয়ে করে এনে আটকে রেখেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নগরীর একটি বাসা থেকে বিদেশি ওই দুই নারীকে বৃহস্পতিবার উদ্ধারের পর আদালতে নেওয়া হলে বিচারক তাদের ফিলিপিন্সের দূতাবাসের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আদেশ দেন।

এমিলি সি গ্রুস (৪০) ও মেরি দি লিঁয়র (২৭) নামে ওই দুই নারীর সঙ্গে তাদের তিন সন্তানের বিষয়েও একই আদেশ দিয়েছে আদালত।

দুবাই প্রবাসী তফাজ্জলের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসায় তার বিদেশি স্ত্রীরা অন্য স্বজনদের সঙ্গে ছিলেন।

ঢাকায় ফিলিপিন্স দূতাবাসের একটি চিঠি পাওয়ার পর ওই দুই নারীকে উদ্ধার করা হয় বলে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “ফিলিপিন্স দূতাবাসের পক্ষ থেকে সিএমপি কমিশনারকে চিঠি দিয়ে জানানো হয়- তাদের নাগরিক দুই নারীকে আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে দুই নারী এবং তাদের শিশুদের উদ্ধার করা হয়।”

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দূতাবাসের পক্ষে আবেদন করা হয়েছিল। আদালত দুই নারীকে দূতাবাসের মাধ্যমে দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। দুই নারী ও তাদের শিশুদের দূতাবাসের জিম্মায় দেওয়া হয়েছে।”

তোফাজ্জল প্রায় এক দশক আগে দুবাইয়ে এমিলিকে বিয়ে করেন। দেশে ফিরে বউকে রেখে তিনি আবার দুবাই চলে যান। বছর তিনেক আগে মেরিকে বিয়ে করে দেশে আনেন তিনি।

Image
দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে কাজ করতে যান ফিলিপিন্সের অনেক নারী; তাদের মধ্যে কেউ কেউ প্রতারণার শিকারও হন (ফাইল ছবি-রয়টার্স)

দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে কাজ করতে যান ফিলিপিন্সের অনেক নারী; তাদের মধ্যে কেউ কেউ প্রতারণার শিকারও হন (ফাইল ছবি-রয়টার্স)

দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে কাজ করতে যান ফিলিপিন্সের অনেক নারী; তাদের মধ্যে কেউ কেউ প্রতারণার শিকারও হন।

ওসি মহিউদ্দিন বলেন, “তার আরেক স্ত্রী থাকার বিষয়টি জানত না দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় বিয়ের খবরও জানত না প্রথম স্ত্রী।”

দ্বিতীয় বিয়ের পর সব জেনে দুই স্ত্রীই দেশে ফিরতে চাইলেও তোফাজ্জল তাদের ফিরতে দেননি।

ওসি বলেন, “তোফাজ্জলের পরিবারের সদস্যরা তাদেরকে আশেপাশের লোকজনের সাথে কথা বলতে দিত না। বাসার বাইরেও তেমন যেতে দেওয়া হতো না।”

এমিলি ও মেরি দূতাবাসে খবর পাঠানোর পর তারা এই দুই নারীকে উদ্ধারের পদক্ষেপ নেয়।

তোফাজ্জল এখন দুবাইয়ে রয়েছেন বলে জানান ওসি মহিউদ্দিন।