মোটর সাইকেলে ধাক্কার পর উল্টাল বাস, নিহত ২
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল চালক ও এক পথচারী নিহত হয়েছেন; বাসটি উল্টে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।
নিহত মোটর সাইকেল চালক মোহাম্মদ ইলিয়াস (২৬) উপজেলার সরকার পাড়া গ্রামের মৃত আবদুল আলমের ছেলে। নিহত পথচারী শাহেদ (২০) উপজেলার আধুনগর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে আধুনগর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মো. নাছের উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফটিকছড়ির মাইজভান্ডার শরীফ থেকে কক্সবাজারের টেকনাফগামী বাসটিতে ৫০ জন যাত্রী ছিল।
“ওভারটেক করার সময় বাসটি ওই মোটর সাইকেল এবং একজন পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়।”
এসআই নাছের বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা মোটর সাইকেলের চালক ও এক আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয়।
“সেখানে নেওয়ার পথেই চালকের মৃত্যু হয়। এক মোটর সাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন।”
এসআই নাছের বলেন, শাহেদ ঘটনার সময় ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শুরুতে ভেবেছিলাম তিনি বাসের যাত্রী। পরে জানতে পারি তিনি পথচারী ।
“আহতদের মধ্যে পাঁচ-সাত জন লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।”
লোহাগাড়া থানার এসআই মো. রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকে পরিবহনের বাসটি উল্টে যাওয়ায় ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
“তবে তাদের অধিকাংশেরই আঘাত তেমন গুরুতর নয়। বাসের চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি।”
