জলাবদ্ধতা নিরসনের দাবি চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের
আসন্ন বর্ষা মৌসুমে বৃষ্টি ও জোয়ারে আগের বছরগুলোর মতই চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ তলিয়ে যেতে পারে এমন আশঙ্কা জানিয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি’ আয়োজিত সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সোলায়মান বাদশা বলেন, দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জে বৃষ্টির পানির জলাবদ্ধতা তো আছেই। সঙ্গে গত কয়েক বছর ধরে যোগ হয়েছে জোয়ারের পানি।
“জোয়ারের পানি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কোটি কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঋণ শোধে ব্যবসায়ীরা ব্যর্থ হন। পণ্য নষ্টের কারণে সরাসরি দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আর নেতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সাত দফা দাবি দিয়ে গত বছরের ৬ অগাস্ট চাক্তাই-খাতুনগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করা হয়।
সংবাদ সম্মেলনে সোলায়মান বাদশা বলেন, “ওই মানববন্ধনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত হয়ে এক বছরের মধ্যে যৌক্তিক সব দাবি পূরণের আশ্বাস দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রায় এক বছর অতিক্রান্ত হলেও দাবিগুলোর একটিও বাস্তবায়নের কোনো উদ্যোগ ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন না।
“এতে আমরা আশাহত হই। শঙ্কায় পড়ি ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে। আমরা এখন অস্তিত্ব সংকটে ভুগছি।”
সোলায়মান বাদশা বলেন, “এবারও বর্ষা আসার আগেই আমরা শঙ্কিত। যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ হয়নি। আবারও জোয়ারের পানিতে চাক্তাই-খাতুনগঞ্জ ভাসলে অনেক ব্যবসায়ী পথে বসবেন।”
মঙ্গলবার দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় বন্দর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। এদিন চাক্তাই-খাতুনগঞ্জে জলাবদ্ধতা না হলেও তা ব্যবসায়ীদের শঙ্কিত করে তুলেছে বলে জানান সোলায়মান বাদশা।
এর আগে মেয়র পদে নির্বাচনী প্রচারণায় গিয়েও চাক্তাই-খাতুনগঞ্জ-আছাদগঞ্জের ব্যবসায়ীদের কাছে ‘একবার সুযোগ’ দেয়ার আহ্বান জানিয়ে জলাবদ্ধতা নিসনের আশ্বাস দিয়েছিলেন আ জ ম নাছির উদ্দিন।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাত দফা দাবির প্রধান দুই দফা হলো- জরুরি ভিত্তিতে চাক্তাই খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন শুরু ও খালে বর্জ্য ফেলা বন্ধ করা এবং বন্দরকে বাঁচাতে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিকল্পিত ড্রেজিং শুরু ও নদীর তীরে শহর রক্ষা বাঁধ নির্মাণ।
অন্য দাবিগুলো হলো- মৌসুমী জোয়ারে পানি প্রবেশ বন্ধে নগর পরিকল্পনাবিদদের পরামর্শে পরিকল্পনা গ্রহণ, বন্দর থেকে নদী পথে পরিবহন ব্যবস্থা চালু, বন্দরের পণ্য খালাসে দীর্ঘসূত্রতা নিরসন, কর্ণফুলী নদীর তীরে চাক্তাই এলাকায় ট্রাক টার্মিনাল নির্মাণ ও বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহনে জটিলতা নিরসন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এহছান উল্লাহ জাহেদী, সহ-সভাপতি মো. মহিউদ্দিন ও সাহাবুদ্দিন, আহসান খালেক, শহিদুজ্জামান টিটু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন, ইউসুফ গাজী ও ধীমান দাশগুপ্ত।
